ওমর ইবনে খাত্তাব ইবনে নুফাইল ইবনে আবদুল উজ্জা ইবনে রিবাহ ইবনে আবদুল্লাহ ইবনে কুরত ইবনে জুরা ইবনে আদি ইবনে কাব ইবনে লুয়াই ইবনে ফিহর ইবনে মালিক।
আরবদের বংশপরিচয় মূলত আদনান ও কাহতান, এই দুই ধারায় বিভক্ত। আদনানের বংশধারা হজরত ইসমাইল (আ.) পর্যন্ত পৌঁছেছে। আদনানের একাদশ পুরুষ ফিহর ইবনে মালিক ছিলেন অত্যন্ত মর্যাদাসম্পন্ন ব্যক্তি। তাঁর বংশধররাই কুরাইশ নামে পরিচিতি লাভ করে। কুরাইশ বংশে দশজন ব্যক্তি নিজেদের যোগ্যতা, প্রতিপত্তি ও প্রভাবের কারণে বিশেষ মর্যাদা অর্জন করেছিলেন। তাঁদের নাম অনুসারেই কুরাইশের দশটি বিশিষ্ট গোত্র গড়ে ওঠে। গোত্রগুলো হলো হাশিম, উমাইয়া, নওফল, আবদুদ দার, আসাদ, তাইম, মাখজুম, আদি, জুমাহ ও সাহম। হজরত ওমর (রা.) ছিলেন আদি গোত্রের সন্তান। আদির আরেক ভাই ছিলেন মুররা, যাঁর বংশধারায় রাসুলুল্লাহ ﷺ-এর পূর্বপুরুষেরা ছিলেন। এ কারণে হজরত ওমর (রা.)-এর বংশধারা রাসুলুল্লাহ ﷺ-এর বংশের সঙ্গে অষ্টম পুরুষে গিয়ে মিলিত হয়েছে।
কুরাইশরা শুধু কাবাঘরের তত্ত্বাবধায়কই ছিলেন না, ধর্মীয় মর্যাদার অধিকারীও ছিলেন। ফলে তাঁদের ওপর একদিকে যেমন পার্থিব ক্ষমতা ও প্রতিপত্তির প্রভাব ছিল, অন্যদিকে ধর্মীয় সম্মানও তাঁদের মর্যাদাকে আরও উঁচুতে তুলে ধরেছিল। সম্পর্কের বিস্তার ও কাজের পরিধি বাড়তে বাড়তে তাঁদের মধ্যে বিভিন্ন দায়িত্বের পৃথক বিভাগ গড়ে উঠেছিল। প্রতিটি বিভাগের কাজ ও ব্যবস্থাপনা ছিল স্বতন্ত্র। যেমন, কাবাঘরের দেখাশোনা, হাজিদের সেবা ও খোঁজখবর রাখা, দূতিয়ালি, গোত্রের প্রধানদের নির্বাচন, বিচারকার্য পরিচালনা এবং পরামর্শসভা ইত্যাদি। হজরত ওমর (রা.)-এর পূর্বপুরুষ আদি এসব দায়িত্বের মধ্যে দূতিয়ালির বিভাগে নিযুক্ত ছিলেন। অর্থাৎ কুরাইশদের কোনো গোত্রের সঙ্গে বিরোধ বা আলোচনার প্রয়োজন হলে তাঁরা প্রতিনিধি হয়ে সেখানে যেতেন। (এ বিষয়ে বিস্তারিত বিবরণ আল-ইকদুল ফারিদ-এর ‘আরবদের মর্যাদা’ অধ্যায়ে রয়েছে।) পাশাপাশি বিভিন্ন গোত্রের নেতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব নির্ধারণের প্রতিযোগিতায় তাঁরা বিচারকের দায়িত্বও পালন করতেন। আরবদের মধ্যে প্রচলিত ছিল, সমমর্যাদার দুজন নেতার মধ্যে কেউ নিজের শ্রেষ্ঠত্ব দাবি করলে একজন দক্ষ ও বিচক্ষণ বিচারক নিযুক্ত করা হতো। উভয় পক্ষই তাঁর সামনে নিজেদের শ্রেষ্ঠত্বের পক্ষে যুক্তি তুলে ধরতেন। কখনো কখনো এই প্রতিযোগিতা এত দীর্ঘ ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠত যে মাসের পর মাস চলত। এসব প্রতিযোগিতায় যাঁদের বিচারক করা হতো, তাঁদের শুধু বিচক্ষণতা ও পরিস্থিতি বোঝার ক্ষমতা থাকলেই চলত না; প্রাঞ্জল ভাষায় কথা বলার দক্ষতা এবং যুক্তি ও বক্তব্যের মাধ্যমে মানুষকে প্রভাবিত করার ক্ষমতাও থাকতে হতো। এই দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আদি গোত্রের মধ্যে বংশপরম্পরায় চলে আসছিল।