অতীত ও বর্তমানের ইসলামী পাঠাগারগুলো জ্ঞান-বিজ্ঞানের নানা শাখায় সমৃদ্ধ ও বিশাল এক ঐতিহ্যে ভরপুর। তবে সেখানে এমন এক পূর্ণাঙ্গ অথচ সংক্ষিপ্ত পাঠ্যক্রমের অভাব পরিলক্ষিত হয়, যা একদিকে যেমন স্বশিক্ষার (Self-learning) পথ সুগম করবে, তেমনি শিক্ষা প্রদানের জন্য সহজ পাঠ পরিকল্পনা তৈরিতেও সহায়ক হবে। পাশাপাশি বর্তমান যুগের চাহিদা অনুযায়ী যা কম্পিউটারে শিক্ষা ও গবেষণার সফটওয়্যার হিসেবে কিংবা অনলাইনে তথ্য নেটওয়ার্কে প্রকাশের উপযোগী হবে। বিশেষ করে অনারব এবং নওমুসলিমদের জন্য এর অনুবাদ অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া বাড়ি, মসজিদ কিংবা সামাজিক ক্লাবগুলোতে ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার জন্য এটি একটি দিকনির্দেশক হিসেবেও কাজ করবে।
বক্ষমাণ গ্রন্থটি একটি সমন্বিত পাঠ্যক্রম, যেখানে কোরআন ও সুন্নাহর দলিলসহ ইসলামের মৌলিক জ্ঞান এবং সীরাতে রাসূলের (সা.) প্রধান দিকগুলো তুলে ধরা হয়েছে। এই পাঠ্যক্রমের মূল ভাবনা ও নকশা তৈরির ক্ষেত্রে বিশিষ্ট দুই ব্যক্তিত্ব ড. সালাহুদ্দীন মুহাম্মাদ শাহীন এবং জনাব আবদুল ওয়ারিস মাবরূক সাঈদের পূর্বতন চিন্তাধারা থেকে সহযোগিতা নেওয়া হয়েছে। বিশেষ করে জনাব আবদুল ওয়ারিস সাঈদ পাণ্ডুলিপিটি অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছেন এবং বিভিন্ন মূল্যবান উপদেশ ও সংযোজনীর মাধ্যমে একে সমৃদ্ধ করেছেন। এছাড়া চারিত্রিক শিষ্টাচার বা আখলাক্ব অধ্যায়টির প্রথম খসড়া তৈরিতে অবদান রেখেছেন ব্রিগেডিয়ার খলীল সালাহ খলীল।
গ্রন্থটি সংকলনের বিভিন্ন পর্যায়ে আমি ড. আলী জুম‘আহ, মুহাম্মাদ ইবরাহীম সালীম, ড. আহমাদ কামাল আল-ক্বাল‘ঈ, ড. উমার বিন আবদুল আযীয কুরাইশী, শাইখ ড. সালিম আবদুল জালীল, শাইখ ফাতহী ইসমাঈল, রশা আদিল আবদুল হাকীম, সাহার মুহাম্মাদ আলী, ড. আহমাদ হাসনাইন হাশশাদ ও প্রকৌশলী মাহমুদ নাসিফ আব্বাসের মূল্যবান আলোচনা ও পর্যবেক্ষণ থেকে উপকৃত হয়েছি। এছাড়া শাইখ ইবরাহীম আদ-দাসূক্বী, ড. আবদুল হামীদ আদ-দাখখানী এবং প্রকৌশলী রবী‘ আয-যাওয়াবী পাণ্ডুলিপিটি সংশোধন ও পরিমার্জনে সহায়তা করেছেন। আল্লাহ তা‘আলা তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন। সকল প্রশংসা ও কৃতজ্ঞতা একমাত্র আল্লাহর এবং তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করছি। –গ্রন্থকার