একটুখানি পড়ে দেখুন -32%

গোয়েন্দা প্রধানের স্মৃতিতে আধুনিক ইসরায়েল

এক নজরে

বিষয় তথ্য
বই গোয়েন্দা প্রধানের স্মৃতিতে আধুনিক ইসরায়েল
লেখক ড. আমাল ইয়াযিজি ড. মুনযির আল-হায়েক
অনুবাদক DaarutTarzamah দারুত তারজমাহদারুত তারজামাহ
বিষয় ইসরাঈল ইস্যু
ভাষা আরবী থেকে অনুদিত

বিশেষ তথ্য ও মূল্যছাড়

পৃষ্ঠা 210
ফর্মা 13.13 (13 ফর্মা, 2 পৃষ্ঠা)
ফর্মাপ্রতি 2500৳ (এই মুহূর্তে 1700৳)
মূল্য ৳ 32,813
ছাড় মূল্য ৳ 22,313 32% ছাড়

সংক্ষিপ্ত পরিচিতি

জন্ম থেকেই এক দাগি ‘সন্ত্রাসী’

এপ্রিল, ১৯৬৮ নাবলুস। আজ বিকেলের পরিবেশটা অন্যরকম শান্ত। বসন্তের আগমন ঘটেছে এখানে। শহরের লেবু বাগানগুলো থেকে ভেসে আসা সাইট্রাস ফুলের মিষ্টি সুবাস চারপাশ মাতিয়ে রাখছে; সেই ঘ্রাণ হেডকোয়ার্টারের জানালা গলে কামরাগুলোতে ঢুকে পড়ে এক নেশালু আবেশ তৈরি করছে। কাসবাহ অঞ্চল থেকে ভেসে আসছে একাধিক মসজিদের আজানের ধ্বনি, যেন একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় মেতেছে।

শহরজুড়ে এক অদ্ভুত নীরবতা। ফোনগুলো যেন আজ বাজতেই ভুলে গেছে; স্তব্ধ হয়ে আছে যোগাযোগ নেটওয়ার্কও। পরিবর্তনের ছোঁয়া লেগেছে সংবাদেও। আজ কোনো হামলা বা সংঘর্ষের খবর নেই, এমনকি ইসরায়েলে অনুপ্রবেশের জন্য কোনো জঙ্গি গোষ্ঠীর সংগঠিত হওয়ার তথ্যও আসেনি। অবস্থা এমন থাকলে আর ঘণ্টা কয়েকের মধ্যেই আমি বাড়ির পথে রওনা হতে পারব, পরিবারের সঙ্গে পাসওভারের ভোজের টেবিলে বসতে পারব। রান্নাঘর থেকে চিনি মেশানো গরম কফি এল আমার জন্য।

কিন্তু ষড়যন্ত্রের নগরী হিসেবে পরিচিত এই নাবলুসের নীরবতা সবসময়ই এক মরিচীকার মতো। হুট করে দরজা খুলে গেল এবং এক সহকর্মী আমাকে একটি চিরকুট দিল। পাহাড়ের ঢালে অবস্থিত এক গ্রাম থেকে আমাদের এক আরব এজেন্ট এই জরুরি বার্তা পাঠিয়েছে। বার্তায় বলা হয়েছে, একদল সশস্ত্র সন্ত্রাসী মধ্যরাতে নদী পার হয়ে ইসরায়েলে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে, ঠিক যখন উৎসবের আমেজ তুঙ্গে। মুহূর্তেই নিশ্চিত হয়ে গেলাম, এবারের উৎসবের ভোজে আমার আর থাকা হচ্ছে না।

নাবলুসে আমি তখন শাবাকের একজন নবীন সমন্বয়ক। সংস্থার প্রশিক্ষণ শেষ করে সবে কাজে যোগ দিয়েছি। চব্বিশ বছর ছুঁইছুঁই একজন গোয়েন্দা কর্মকর্তার জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ পদ হলেও এর মূল্য ছিল আকাশচুম্বী। নেতানিয়ায় নিজের বাড়িতে যাওয়ার সুযোগ পেতাম খুব কম। যখন ফিরতাম, স্ত্রী ‘ইয়ায়েল’ আমাকে পেত চূড়ান্ত ক্লান্ত ও বিধ্বস্ত অবস্থায়। দিন-রাত আমার বেশিরভাগ সময় কাটত ফিল্ডে স্থানীয়দের ভেতর থেকে এজেন্ট খুঁজে বের করা, তাদের দিকনির্দেশনা দেওয়া, আর নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতে নিয়মিত তল্লাশি ও গ্রেফতার অভিযান চালানোর মধ্য দিয়ে। নাবলুসের এই জ্বলন্ত আগুনের ভেতর আমরা যারা কাজ করতাম, ঘড়ির কাঁটার দিকে তাকানোর অবসর আমাদের ছিল না। ঘরে আমাদের স্ত্রীরা অপেক্ষা করত, কারোর কারোর ছোট ছোট সন্তান ছিল; কিন্তু আমরা জানতাম, আমাদের ওপর যে পবিত্র দায়িত্ব অর্পিত হয়েছে তা পালনে সর্বস্ব উজাড় করে দিতে হবে।

সময়টা ছিল অবর্ণনীয় কঠিন ও ক্লান্তিকর। নাবলুস কোনো আধুনিক শহর নয়, ঘিঞ্জি কিন্তু অসম্ভব প্রাণবন্ত। মাঝে মাঝে একে মনে হয় এক বিশাল গ্রাম। সেখানে ভয়ের এক চোরা স্রোত আর আগামী দিনের অনিশ্চয়তা মিলে এক বৈরি পরিবেশ বিরাজ করত। শহরের পথে পথে টহল দিত বিশাল সেনাবহর, আর মাটির গভীরে চলত ষড়যন্ত্রের জাল বোনা। সশস্ত্র গোষ্ঠীগুলো প্রতিনিয়ত ‘জায়নবাদী দখলদারিত্বের’ বিরুদ্ধে গণ-অসহযোগ এবং ইসরায়েলি ভূখণ্ডে হামলার ডাক দিত।

এমন কোনো রাত কাটত না যেখানে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে কোনো সশস্ত্র দল জর্ডান নদী পার হয়ে পশ্চিম দিকে আসার চেষ্টা করত না। মধ্য অঞ্চলের কমান্ডের সেনাদের কাছে এই ধাওয়া-পাল্টা ধাওয়া তখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। দীর্ঘ রাতগুলোতে তারা এলাকা চিরুনি তল্লাশি করত এবং ওঁৎ পেতে থাকত। যখনই আমি সেই সেনাদের সাথে দেখা করতাম যারা অ্যাম্বুশ করতে যাচ্ছে বা ফিরে আসছে, আমার মনে পড়ে যেত ইহিয়েল মোহর আর মোশে উইলেনস্কির সেই গানটি:

“তেল আবিবে এখন সিনেমাহলগুলো সব সরগরম, নানা সাজের তরুণীদের আনাগোনা সেখানে; আর আমরা এখানে নিঃসাড় হয়ে শুয়ে আছি, নির্নিমেষ তাকিয়ে আকাশের নক্ষত্রপানে…”

আমরা শাবাকের সমন্বয়কারীরা মাঝেমধ্যেই সেনাদের সাথে অভিযানে যোগ দিতাম। বিশেষ করে যখন শত্রুর পায়ের ছাপ আমাদের জহর আল-জাবাল (পাহাড়ের উপরিভাগ) অঞ্চলের দিকে নিয়ে যেত, কিংবা যখন এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হতো যেখানে আমাদের বিশেষ তদন্ত বা গোয়েন্দা অভিজ্ঞতার প্রয়োজন পড়ত। আমাদের এই যৌথ প্রচেষ্টায় অনেক সন্ত্রাসীকে ধরা সম্ভব হলেও, সবাই জালে ধরা দিত না। একের পর এক বিস্ফোরণে তখন ইসরায়েল কেঁপে উঠছে; বড় ধরনের প্রাণহানির আশঙ্কা আমাদের তাড়া করে ফিরছে। প্রতিদিন, এমনকি দিনে কয়েকবার করেও খবর আসছিল যে কোনো সশস্ত্র দল নদী পার হওয়ার অপেক্ষায় আছে অথবা কেউ কেউ ইতিমধ্যে ইসরায়েলের কোনো শহরের দিকে রওনা হয়ে গেছে।

পাসওভারের ভোজের ঠিক আগ মুহূর্তে, বসন্তের সেই বিকেলে যে তথ্যটি আমাদের হাতে এল, তাতে একটি বিষয় আমার নজর কাড়ল। জানা গেল, মধ্যরাতে জর্ডান নদী পার হতে যাওয়া দলটির নেতা ‘সামির’—যে আমাদের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষ নামগুলোর একজন। তার সম্পর্কে আমরা খুব কমই জানি। যেটুকু তথ্য জোগাড় করা গেছে তা হলো তার আনুমানিক বয়স এবং শরীরের একটি সাধারণ বর্ণনা। বলা হয়, তার বয়স ত্রিশের কোঠায়, বেশ বলিষ্ঠ গঠন এবং জন্মের পর থেকেই তার ঘাড়ে একটি বিশেষ জন্মদাগ রয়েছে। ‘সামির’ তার আসল নাম নাকি ছদ্মনাম, তা-ও নিশ্চিত নয়। এর আগে বহুবার আমরা তাকে ধরার সুযোগ হাতছাড়া করেছি। সে অনেকটা কুঁচে মাছের মতো পিচ্ছিল আর ধুরন্ধর; শয়তানের মতো ক্ষিপ্র আর শিয়ালের মতো চতুর। দুর্ধর্ষ এই মানুষটি পিছু হটতে জানে না; জহর আল-জাবালের প্রতিটি গলি আর গোপন আস্তানা তার নখদর্পণে।

আরও পড়ুন

দিন শেষ হয়ে এল। ভাবছি, আমার স্ত্রী ‘ইয়ায়েল’ নিশ্চয়ই নেতানিয়ায় তার বাবা-মায়ের কাছে চলে গেছে। ভালোবাসায় ঘেরা বিশাল এক পরিবারের মাঝে তারা এখন পাসওভারের উৎসবে মেতেছে। আর ঠিক সেই মুহূর্তে আমি প্যারাশুট ইউনিটের সাথে তড়িঘড়ি করে নদীর দিকে ছুটছি, যাতে অনুপ্রবেশের সম্ভাব্য পথে ওঁত পেতে থাকা যায়। এটিই প্রথম কোনো অপারেশন, যেখানে ‘শাবাক’-এর প্রতিনিধি হিসেবে পুরো দায়িত্ব আমার কাঁধে।

মধ্যরাত পার হওয়ার কিছু পরেই ঝোপঝাড়ের আড়ালে এক রহস্যময় খসখস শব্দ শোনা গেল। বুনো লতাগুল্মের আড়াল দিয়ে কিছু ছায়া এগিয়ে আসছে। সেনারা গর্জে উঠল, শুরু হলো গুলিবর্ষণ। প্রাণ বাঁচাতে সন্ত্রাসীরা এদিক-সেদিক ছুটতে লাগল। ভোরের আলো ফোটা পর্যন্ত আমরা তাদের ধাওয়া করলাম এবং শেষমেশ এক জায়গায় কোণঠাসা করতে সক্ষম হলাম। শুরু হলো এক রক্তক্ষয়ী ও দীর্ঘ লড়াই। ওপক্ষ থেকেও বিরামহীন গুলি আসছিল; বোঝা যাচ্ছিল তারা উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। লড়াইয়ের মাঝে আমাদের বেশ কয়েকজন সেনা আহত হলো, প্যারাশুট ব্রিগেডের এক তরুণ সার্জেন্ট প্রাণ হারাল।

লড়াই শেষে আমরা ওই দলের কয়েকজনকে খতম করলাম এবং বাকিরা আত্মসমর্পণ করল। দ্রুতই স্পষ্ট হয়ে গেল যে, এটি আমাদের হাতে ধরা পড়া এখন পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক দলগুলোর একটি। কিন্তু চরম আফসোস—যাকে ধরার জন্য আমাদের এই সব আয়োজন, সেই দলনেতা সামির তাদের মধ্যে ছিল না। মনে হলো, যুদ্ধের চরম উত্তেজনার সুযোগ নিয়ে কোনো এক ফাঁকে সে এবারও আমাদের হাত থেকে ফসকে গেছে।

আমরা তৎক্ষণাৎ পাশের গ্রাম ‘বাইত ফুরিক’-এ কারফিউ জারি করলাম। গ্রামটি পাহাড়ের এমন এক ঢালে অবস্থিত যেখান থেকে অনুপ্রবেশকারীদের পথটি স্পষ্ট দেখা যায়; তাই আমাদের ধারণা ছিল সামির নিশ্চিতভাবেই ওখানে গিয়ে লুকিয়ে পড়েছে। গ্রামটি আগে থেকেই কুখ্যাত; অতীতেও তারা অনেক সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছে, এমনকি এই গ্রামের অনেক তরুণই বিভিন্ন সশস্ত্র সংগঠনে নাম লিখিয়েছে।

এই পরিস্থিতিতে সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য আমাদের কিছু পরীক্ষিত পদ্ধতি রয়েছে। মাইক লাগানো সামরিক জিপগুলো গ্রামের অলিগলি দিয়ে টহল দিতে শুরু করল; ঘোষণা করা হলো সাধারণ কারফিউ এবং গ্রামের সব পুরুষকে খোলা ময়দানে জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হলো। একই সময়ে ইসরায়েলি সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী প্রতিটি বাড়িতে ঢুকে নিখুঁত তল্লাশি চালাতে লাগল, যাতে কেউ কোথাও লুকিয়ে থাকতে না পারে।

সব পুরুষ এক জায়গায় জড়ো হওয়ার পর, সেখানে গোয়েন্দা সংস্থার একটি গাড়ি এসে থামল। গাড়ির পেছনের সিটে আগে ধরা পড়া এক সন্ত্রাসীকে বসিয়ে রাখা হয়েছে, তার পাশে রয়েছে একজন সশস্ত্র প্রহরী। গাড়িটি একটি মোটা কভার দিয়ে ঢাকা, যাতে মাত্র একটি ছোট জানালা রাখা হয়েছে। এর উদ্দেশ্য হলো—ভেতরের লোক সবাইকে দেখবে, কিন্তু বাইরে থেকে তাকে কেউ দেখতে পাবে না। গ্রামের পুরুষদের একে একে গাড়ির সামনে দিয়ে সারিবদ্ধভাবে হেঁটে যেতে বলা হলো। ভেতর থেকে সেই বন্দি সন্ত্রাসী সন্দেহভাজনদের শনাক্ত করবে—এটাই ছিল পরিকল্পনা। সত্যি বলতে, একজন বন্দির কথার ওপর সবসময় ভরসা করা যায় না, তবে অনেক ক্ষেত্রে এই পদ্ধতি বেশ কার্যকর প্রমাণিত হয়েছে।

লেখক: ড. আমাল ইয়াযিজি

লেখক: ড. মুনযির আল-হায়েক

অনুবাদক: দারুত তারজামাহ

দারুত তারজামাহ (Daarut Tarzamah) একটি সাহিত্যসম্মত অনুবাদসংস্থা এবং পূর্বপ্রস্তুত পাণ্ডুলিপির স্বত্ব প্রদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রধানত আরবী, উর্দু এবং ইংরেজি ভাষা থেকে বিভিন্ন ঘরানার বই বাংলায় অনুবাদ করে থাকে।
মূল কার্যক্রম
    • পাণ্ডুলিপি সরবরাহ: দারুত তারজামাহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বইয়ের অনুবাদ প্রস্তুত করে প্রকাশকদের  স্বত্ব হস্তান্তর করে।
    • অনুবাদ সেবা: যেকোনো প্রকাশনী পছন্দের যেকোনো বই তাদের মাধ্যমে  অনুবাদ করিয়ে নিতে পারেন।

অনুবাদের প্রধান বিষয়সমূহ
    • ইসলামী ও বুদ্ধিবৃত্তিক
    • ইতিহাস ও সমসাময়িক রাজনীতি
    • সাহিত্য ও অন্যান্য

যোগাযোগের ঠিকানা: ৩৪ নর্থব্রুক হল রোড, মাদরাসা মার্কেট (২য় তলা), বাংলাবাজার, ঢাকা-১১০০; ফোন: 01314-748423, 01748-979053

Shopping Cart
✕